
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা এবং ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতে সমঝোতার মাধ্যমে সব ধরনের সংশোধনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবিধানে জিয়াউর রহমানের নাম স্বাধীনতার ঘোষক হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে একটি সংবিধান সংস্কার কমিটি গঠন করা হবে। সেখানে বিস্তারিত আলোচনা ও মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বীকৃত বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে। পরে তা জাতীয় সংসদে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠের মাধ্যমে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত রূপ পাবে।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আজ থেকে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। এই ইউনিফর্ম শুধু ক্ষমতার প্রতীক নয়, বরং দায়িত্ব, ত্যাগ ও সেবার প্রতীক।
তিনি নবীন কর্মকর্তাদের সততা, সাহস ও মানবিকতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্যদের সনদপত্র প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।



























