আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এতে প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন এই দরের তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকেই দেশের সব জুয়েলারি দোকানে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। এর আগে গতকাল সোমবার (২৩ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে টানা নয় দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
আজকের বাজারে স্বর্ণের নতুন মূল্যতালিকা (ভ্যাটসহ):
২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
বাজুসের তথ্যমতে, উল্লিখিত দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে; তবে স্বর্ণের অলংকার কেনার ক্ষেত্রে ক্রেতাদের এর সঙ্গে নির্ধারিত মজুরি যুক্ত করতে হবে।
উল্লেখ্য, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৭ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

