
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রতিবেদন জমা না পড়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আগামী ৯ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন পঞ্চমবারের মতো পিছাল।
আদালতের প্রসিকিউশন বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন এসআই রুকনুজ্জামান। তিনি জানান, মামলার তদন্ত সংস্থা সিআইডি নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় নতুন তারিখ ধার্য করা হয়েছে।
বর্তমানে মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা। তবে নির্ধারিত দিনে তিনি প্রতিবেদন দাখিল করতে পারেননি।
এর আগে গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। কিন্তু ওই তদন্তে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আদালতে নারাজি আবেদন করেন। পরবর্তীতে আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিচিতি পাওয়া শরিফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়।
মামলায় অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ পাঁচজন এখনো পলাতক রয়েছেন।


























