
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সৌদি আরব ২০২৬ সালের হজ মৌসুম (১৪৪৭ হিজরি) জন্য আজ (রোববার) থেকে হজ ভিসা ইস্যু শুরু করেছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী ইতিমধ্যেই নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩০,০০০ জন সরাসরি তাদের নিজ দেশে থেকে হজ প্যাকেজ বুক করেছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবা ও চুক্তি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় সমস্ত আবাসন সংক্রান্ত চুক্তিও সম্পন্ন হয়েছে। এছাড়া আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ করা হয়েছে এবং ৭৩টি হজ অফিস তাদের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে।
বাংলাদেশ থেকে হজে যাওয়া সকল সরকারি ও বেসরকারি হাজিকে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্রে টিকা নেওয়ার পর ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। সৌদি নির্দেশনা অনুযায়ী, ফিটনেস সনদসহ ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন করতে হবে। ফিটনেস সনদ ছাড়া কেউ হজে অংশ নিতে পারবেন না।
চাঁদ দেখা অনুযায়ী, পবিত্র হজ শুরু হতে পারে ২৬ মে। হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।


























