
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। একদিনের ব্যবধানে অঞ্চলটিতে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে দেশটি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিভিন্ন ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, স্বল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের একাধিক ঘাঁটিতে পৌঁছায়। কূটনৈতিক আলোচনার প্রস্তুতির পাশাপাশি এমন সামরিক তৎপরতা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
এ সময় সুইজারল্যান্ডের জেনেভায় ইরান এর পরমাণু কর্মসূচি নিয়ে নতুন দফার বৈঠকের প্রস্তুতি চলছিল। আলোচনার আবহে সামরিক শক্তি প্রদর্শনের এই পদক্ষেপকে কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
মোতায়েন করা যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তির স্টেলথ সক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ও সহায়ক রিফুয়েলিং বিমান। এসব রিফুয়েলার আকাশেই যুদ্ধ ও পরিবহন বিমানে জ্বালানি সরবরাহ করতে পারে, যা দীর্ঘ সময় আকাশে অভিযানের সক্ষমতা বাড়ায়।
মার্কিন এক কর্মকর্তার বরাতে গণমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে এই যুদ্ধবিমানগুলো পাঠানো হয়েছে। এর আগে ওই অঞ্চলে বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ মোতায়েন করে সামরিক প্রস্তুতি জোরদার করেছিল যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরানে সরকারবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা বেড়েছে। সেই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সরাসরি যুক্ত করে দেখছেন পর্যবেক্ষকরা।



























