
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লবী মঞ্চ নামে নতুন সংগঠনের অনধিকার আত্মপ্রকাশের তীব্র প্রতিবাদ জানালো দেড় বছর আগে প্রতিষ্ঠিত জাতীয় বিপ্লবী মঞ্চ
আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬: ‘জাতীয় বিপ্লবী মঞ্চ’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দেড় বছর আগে প্রতিষ্ঠিত জাতীয় বিপ্লবী মঞ্চের কেন্দ্রীয় কমিটি।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা জানান, ঢাকার শাহবাগে শহীদ ওসমান বিন হাদী চত্বরে একটি নতুন সংগঠন তাদের অনুমতি বা পূর্বজ্ঞান ছাড়া একই নামে আত্মপ্রকাশ করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
বিবৃতিতে বলা হয়, জাতীয় বিপ্লবী মঞ্চ ৫ আগস্ট ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও জনগণের অধিকার রক্ষায় বিভিন্ন কর্মসূচি ও আদর্শিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির কার্যক্রম জাতীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে।
নেতারা আরও উল্লেখ করেন, কারিগরি কারণে পূর্বের ফেসবুক পেজ ডিজেবল হয়ে যাওয়ায় ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে নতুন পেইজের মাধ্যমে তাদের কার্যক্রম পুনরায় শুরু করা হয়।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়, একটি প্রতিষ্ঠিত ও পরিচিত নাম অননুমোদিতভাবে ব্যবহার করা অনৈতিক এবং সংগঠনের কষ্টার্জিত সুনাম ক্ষুণ্ন করার সামিল। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, জাতীয় বিপ্লবী মঞ্চ তাদের আদর্শ, নীতি ও স্বতন্ত্র পরিচয় অক্ষুণ্ণ রেখে কার্যক্রম অব্যাহত রাখবে।
























