আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ও বাণিজ্য ডেস্ক: ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসি, বেকারি ও হোটেল-রেস্তোরাঁয় নানা অনিয়মের দায়ে দেশের ৩১ জেলায় ৮০টি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ঢাকা মহানগরসহ দেশের ৩১ জেলায় অধিদপ্তরের ৪৭টি টিম একযোগে এই বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য ও পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম চালানো হয়।
অভিযান চলাকালে পাইকারি ও খুচরা বাজার, ফার্মেসি, বেকারি এবং হোটেল-রেস্তোরাঁয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এ সময় হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রির মতো অপরাধগুলো তদারকি করে জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার কড়া নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। এই কার্যক্রমে সংশ্লিষ্ট জেলা ও বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
ভোক্তাদের প্রতি অধিদপ্তরের আহ্বান:
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি), উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই এবং সঠিক ওজন নিশ্চিত হওয়ার পাশাপাশি বিক্রেতার কাছ থেকে ক্রয়ের রসিদ বা ভাউচার সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
পণ্য ক্রয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

