আওয়ার টাইমস নিউজ।
দেশজুড়ে ও অপরাধ ডেস্ক: গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একটি মিছিলের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় এলাকার বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হলে পুরো শহরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গতকাল সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে শহরের লঞ্চঘাট এলাকায় বের হওয়া একটি মিছিল থেকে এই বিরোধের সূত্রপাত হয় এবং সন্ধ্যা নাগাদ তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের যুবকদের অংশগ্রহণে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল চলাকালীন সামনের সারিতে দাঁড়ানো ও তুচ্ছ বিষয় নিয়ে ঘোষেরচর গ্রামের এক যুবকের সঙ্গে চরমানিকদাহ গ্রামের কয়েকজনের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই যুবককে মারধর করা হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই ঘটনার জের ধরে সন্ধ্যার দিকে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়ান। শুরু হয় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা সড়কের ওপর অন্তত চারটি হাতবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায় এবং স্টেডিয়াম এলাকার ফুল মার্কেটের অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়।
সংঘর্ষে গুলিবিদ্ধ চারজনসহ আহতদের দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত (২০), চান মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা (২১), সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৯) এবং কবির মোল্লার ছেলে জাহিদ মোল্লা (৩৭)।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. নাঈম ফেরদাউস গণমাধ্যমকে জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা চারজনের শরীরে ছররা গুলির (পিলেট) চিহ্ন পাওয়া গেছে এবং তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও এক্স-রে করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সংঘর্ষে গুরুতর আহত আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, মিছিলের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের পর দুই পক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বসে বিষয়টি মীমাংসা করে নিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

