
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বর্তমান সরকারের প্রতি কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এই মাস তাকওয়া, সংযম, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ চর্চার শ্রেষ্ঠ সময়। তাই এ সময়ে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, রমজানকে ঘিরে যেন কোনো অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রীর দাম বাড়াতে না পারে, সে জন্য সরকারকে আগেভাগেই কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। বাজারে সক্রিয় সব ধরনের সিন্ডিকেট ভেঙে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে রোজা পালন করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনে ভর্তুকির মাধ্যমে চাল, ডাল, তেল, মাছ, মাংস, শাকসবজি, চিনি, খেজুর, ছোলা, মুড়িসহ সব নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গেও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, রমজান মাসে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি। পাশাপাশি দিনের বেলায় হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সব ধরনের অশালীনতা ও বেহায়াপনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতির শেষাংশে ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র কোরআনের শিক্ষার আলোকে রমজানকে আত্মশুদ্ধি ও নৈতিক প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করতে হবে। শান্তি, স্বস্তি ও মানবিক মূল্যবোধভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


























