
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–কে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভিন্ন আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, তারেক রহমানের এই সফরকে তিনি জাতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। তিনি বলেন, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এ ধরনের সাক্ষাৎ রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় তৈরি করতে পারে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের অংশ হিসেবে গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক শাসনের ভিত্তিতে একটি স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
তারেক রহমানের সঙ্গে আলোচনার বিষয়ে জামায়াত আমির বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। তিনি আশা প্রকাশ করেন, কোনো নাগরিক যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার মধ্যে না পড়ে।
জাতীয় স্বার্থের বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত সরকারকে তারা সহযোগিতা করবেন। তবে আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে তারা আপসহীন থাকবেন। জনকল্যাণমূলক কাজে সমর্থন থাকবে, কিন্তু যেখানে জবাবদিহির প্রয়োজন হবে, সেখানে তারা সোচ্চার ভূমিকা পালন করবেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা নাগরিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করবে এবং স্থিতিশীলতার মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে তারেক রহমান জামায়াত আমিরের বাসায় পৌঁছালে ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।





























