
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের ভাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ম ম সিদ্দিক মিঞা দীর্ঘ ১৭৫ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার (৮ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে বের হওয়ার সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন ফরিদপুর-৪ আসনের বিএনপি এমপি শহিদুল ইসলাম বাবুল।
সিদ্দিক মিঞা বলেন, তার মুক্তির জন্য এমপি শহিদুল ইসলাম বাবুলের প্রতি তিনি কৃতজ্ঞ। এমপি বাবুল জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনি সহায়তার মাধ্যমে মুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সিদ্দিক মিঞার মুক্তি সেই প্রতিশ্রুতির অংশ। বাকি আসামিদের মুক্তির জন্যও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গত বছরের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়ন দুইটিকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে স্থানীয়রা বিভিন্নবার মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালায়। আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সিদ্দিক মিঞা। পরে উচ্চ আদালতের রায়ে ওই দুটি ইউনিয়ন আবারও ফরিদপুর-৪ আসনের সঙ্গে যুক্ত হয়।

























