
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা আরও শক্তিশালী করতে হোয়াইট হাউসের প্রধান প্রবেশদ্বারে বড় ধরনের নিরাপত্তা সংস্কার শুরু হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে দীর্ঘদিনের অস্থায়ী ব্যারিকেড সরিয়ে সেখানে স্থায়ী নিরাপত্তা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, হোয়াইট হাউসের উত্তর দিকের প্রধান প্রবেশপথ ‘নর্থ পোর্টিকো’-কে আরও নিরাপদ করতে কয়েক মাসব্যাপী এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমানে ফটকটি নির্মাণকাজের জন্য মাচা ও ত্রিপল দিয়ে ঘেরা রয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে প্রবেশপথের বাইরের স্তম্ভগুলোর সংস্কারের পাশাপাশি পুরো নিরাপত্তা অবকাঠামো আধুনিক করা হচ্ছে। এটি সৌন্দর্যবর্ধনের কোনো প্রকল্প নয়, বরং পুরোপুরি নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়ন করা হচ্ছে।
জানা গেছে, মার্কিন সিক্রেট সার্ভিস দীর্ঘদিন ধরেই এই প্রবেশপথকে আরও সুরক্ষিত করার সুপারিশ করে আসছিল। যদিও সংস্থাটি এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।
শুধু প্রধান ফটক নয়, হোয়াইট হাউস ঘিরেও আরও কয়েকটি নিরাপত্তা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, উত্তর পাশের লাফায়েট পার্ক স্থায়ী সীমানা প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হবে। বর্তমানে বিশেষ পরিস্থিতিতে সেখানে অস্থায়ী ব্যারিকেড বসানো হলেও ভবিষ্যতে স্থায়ী কাঠামোর মাধ্যমে দ্রুত এলাকা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হবে।
এই পরিকল্পনা ইউএস সিক্রেট সার্ভিস, প্রেসিডেন্টের নির্বাহী কার্যালয় এবং যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন শেষে ২০২৭ সাল থেকে পর্যায়ক্রমে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক হত্যাচেষ্টা ও নিরাপত্তা হুমকির ঘটনার পরই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ভবিষ্যৎ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে হোয়াইট হাউস এলাকায় একটি প্রায় ৯০ হাজার বর্গফুটের আধুনিক বলরুম নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সেখানে ড্রোন পর্যবেক্ষণ ব্যবস্থা, স্নাইপার পোস্ট এবং নিরাপদ ভূগর্ভস্থ বাঙ্কারের মতো সুবিধা রাখা হবে।
হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, প্রধান প্রবেশদ্বারের বর্তমান সংস্কারকাজ আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ শেষ হতে পারে। বর্তমানে নির্মাণস্থল ঢেকে রাখতে হোয়াইট হাউসের বাইরের অংশের ছবি সংবলিত বড় ত্রিপল ব্যবহার করা হয়েছে এবং ভেতরে পাথরের স্তম্ভ সংস্কারের কাজ চলছে।
সূত্র: সিএনএন




























