
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর মো. সাহাবুদ্দিন বলেছেন, তিনি সংবিধান মেনেই দায়িত্ব পালন করেছেন এবং নিজেকে কোনো অপরাধী মনে করেন না। তার দাবি, রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পুরো সময় তিনি সংবিধান রক্ষায় অঙ্গীকারবদ্ধ ছিলেন।
শুক্রবার পদত্যাগের পর এক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, অসুস্থতাই তার পদত্যাগের প্রধান কারণ। সাম্প্রতিক সময়ে তার পদত্যাগ নিয়ে যেসব আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে, সেগুলোকে তিনি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন। তার ভাষ্য, কোনো ধরনের বাহ্যিক চাপ বা ফোনকলের কারণে তিনি পদত্যাগ করেননি।
মো. সাহাবুদ্দিন জানান, নিয়ম অনুযায়ী পদত্যাগের পর আরও কিছুদিন বঙ্গভবনে থাকার সুযোগ থাকলেও তিনি দ্রুত নিজের গুলশানের বাসভবনে ফিরে যাবেন।
দায়িত্ব পালনের সময়কার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সংকটময় পরিস্থিতিতে সংবিধান অক্ষুণ্ন রেখে অন্তর্বর্তী সরকার গঠন এবং পরবর্তী সময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াকে তিনি নিজের গুরুত্বপূর্ণ অবদান হিসেবে দেখেন।
এনসিপির পক্ষ থেকে তার বিচারের দাবি প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন না। তার মতে, রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে।



























