
আওয়ার টাইমস নিউজ ।
ডেস্ক রিপোর্ট: বরিশাল নগরীর কাশিপুরে দীর্ঘ দেড় বছরের আত্মগোপনের পর প্রকাশ্যে মহড়া দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা। তার উপস্থিতি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
শুক্রবার রাতে নগরীর গড়িয়ারপাড় এলাকায় লিটন মোল্লা একটি প্রাইভেটকারে ঘুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দিকনির্দেশনা দেন। ভিডিওতে দেখা গেছে, তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “সবাই ঠান্ডা থাকুন, এখন ঝামেলার সময় নয়। আমার নির্দেশ ছাড়া কেউ ঝামেলা করলে কঠোর শাস্তি পাবে।” তিনি আরও উল্লেখ করেন, তার কাজ শুধু নির্দিষ্ট ব্যক্তিদের নির্দেশনা অনুযায়ী করা হয়।
স্থানীয়রা জানান, লিটন মোল্লা ও তার পরিবারের তিন ছেলে কালাম, লিটন ও মনু মোল্লা গত ১৭ বছরে কাশিপুর ও বরিশাল নগরীতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ অঞ্চলে মাদক ব্যবসার সঙ্গে তাদের পরিবারের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনাটি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”





























