
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন।
শুক্রবার রাতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি পুরানা পল্টন ও বিজয়নগরসহ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটি নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ড. হেলাল উদ্দিন বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মানুষের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। তিনি বলেন, ঈদ ধনী-গরিবের ভেদাভেদ ভুলে মানুষকে এক বন্ধনে আবদ্ধ করে এবং সহমর্মিতা ও ন্যায়বিচারের শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ গড়ে তোলাই ঈদের প্রকৃত শিক্ষা। এ লক্ষ্য বাস্তবায়নে ইসলামী আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সমাবেশে নেতৃবৃন্দ দল-মত নির্বিশেষে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।





























