
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় অনিয়ম এবং মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান।
দিল্লির যন্তর মন্তরে এক মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল অন্যতম প্রধান দাবি। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, শিক্ষামন্ত্রীকে অপসারণের বিষয়ে সিদ্ধান্ত না এলে তারা আলোচনায় অংশ নেবেন না।
আন্দোলনকারীদের অন্যান্য দাবির মধ্যে ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা। এর আগে সরকার শেষের দুটি দাবি বিবেচনার আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
পদত্যাগের ঘোষণায় ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের তরুণদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশসেবার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
পদত্যাগের খবর প্রকাশের পর দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন। নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন ইতোমধ্যে ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এবং জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।



























