
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি অতিক্রমের সময় ফ্রান্সের একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক শিপিং কোম্পানির মালিকানাধীন জাহাজটি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। তবে এতে কোনো নাবিক আহত হননি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার এই ঘটনা ঘটে। জাহাজটি প্রণালি পার হওয়ার সময় হঠাৎ গুলির মুখে পড়ে এবং এতে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও তা বড় ধরনের নয়।
বার্তা সংস্থা এএফপি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্যের বরাতে জানায়, হামলার শিকার জাহাজটির নাম এভারগ্লেডস। হামলার সময় জাহাজটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতির পরিমাণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
এদিকে একই সময়ে আরব সাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তাদের দাবি, অবরোধ কার্যকর করার অংশ হিসেবে জাহাজটিকে বারবার সতর্ক করা হলেও সেটি নির্দেশনা মানেনি।
মার্কিন বাহিনী জানায়, দীর্ঘ সময় সতর্কবার্তা দেওয়ার পরও জাহাজটি থামেনি। পরে সেটির গতি থামাতে গুলি চালানো হয় এবং ইঞ্জিন বিকল করে দেওয়া হয়। এরপর সেনারা জাহাজে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়।
বর্তমানে জাহাজটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে একের পর এক হামলা ও সামরিক পদক্ষেপের কারণে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা বাড়তে থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
সূত্র: আল জাজিরা, এএফপি




























