
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য ভোটার ও কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে আয়োজিত এক পথসভায় তিনি এ আহ্বান জানান।
পথসভায় রুমিন ফারহানা বলেন, কোনোভাবেই যেন জাল ভোট দিতে না পারে, সে জন্য ভোটারদের নিজ নিজ ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। তিনি বলেন, আমার চাষ করা ধানই আমার হাঁস খাবে। কোনো শিয়াল যেন একটি হাঁসও চুরি করতে না পারে।
তিনি আরও বলেন, হাঁস প্রতীক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতীক নয়; এটি সাধারণ মানুষের প্রতীক। এই প্রতীক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং সংসদের ৩০০ সদস্যের বিপরীতে একা লড়াই করার সাহসের প্রতীক।
রুমিন ফারহানা দাবি করেন, গত ১৫ বছর মানুষ পরিশ্রম করে জমি চাষ করেছে, বীজ বপন করেছে, কিন্তু ফসল ঘরে তোলার সময় তা নষ্ট হয়ে গেছে। এবার জনগণের ভোটের ফল জনগণই ভোগ করবে।
নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে সরাইল ও আশুগঞ্জ উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন তিনি। পাশাপাশি ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার জন্য ভোটারদের একদিন সময় দেওয়ার অনুরোধ জানান।
এদিন তিনি শাহবাজপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী সভায় অংশ নেন। তার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।





























