
আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রাধিকারগুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনও উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের আগামী দিনের পরিকল্পনা ও বিভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন।
এছাড়া বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকের মাধ্যমে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে দুই দেশের নেতাদের সময়সূচি ও পারস্পরিক সুবিধার ওপর বৈঠকের সময় নির্ভর করবে।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরবেন তিনি।


























