
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীচাপ বাড়লেও পর্যাপ্ত গণপরিবহন থাকার পরও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে ঘরমুখো মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
গাজীপুরের চন্দ্রা এলাকায় দেখা গেছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাত্রীদের প্রধান প্রবেশপথ হওয়ায় এ সড়কে যাত্রী চলাচল কয়েকগুণ বেড়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও অনেক পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ পর্যন্ত নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
যাত্রীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অভিযোগ করেও তাৎক্ষণিক কোনো প্রতিকার পাচ্ছেন না বলে দাবি তাদের।
অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বিকল্প পরিবহন যেমন মাইক্রোবাস, মোটরসাইকেল, ট্রাক কিংবা পিকআপে যাতায়াত করছেন। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
এদিকে মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে যানবাহন চললেও বড় ধরনের যানজট দেখা যায়নি। তবে যাত্রীচাপ এবং ভাড়া নিয়ে অসন্তোষ পুরো এলাকায় বিরাজ করছে।
কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।





























