
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের জন্য পরিবেশন করা খাবার টেবিলে খাসির মাংস না পেয়ে বিয়ে ভাঙলেন জাপান প্রবাসী বর জুনায়েদ। সোমবার (১৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে ঘটে এই ঘটনা।
বর জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্র ও কনেপক্ষ জানায়, সোমবার নির্ধারিত সময়ে কনের বাড়িতে বরযাত্রীসহ উপস্থিত হন জুনায়েদ। কনের বাড়িতে পৌঁছানোর পর ফুল দিয়ে বরণ করা হলেও শুরুতেই ফুল নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি। পরে বরণ ও তোরণের আনুষ্ঠানিকতা শেষে তাঁকে খাবার টেবিলে নিয়ে যাওয়া হয়।
স্বজনদের খাওয়া-দাওয়া শেষে বরের জন্য বড় থালায় (খদরে) খাবার পরিবেশন করার পর সেখানে খাসির মাংস না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বর জুনায়েদ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, খাসির মাংস না পেলে তিনি খাবার খাবেন না এবং বিয়েও করবেন না। কনেপক্ষের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও বর তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। একপর্যায়ে বিয়ের আনুষ্ঠানিকতা অসমাপ্ত রেখেই খালি হাতে বরযাত্রীদের নিয়ে ফিরে যান তিনি।
এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে কনের বাবা শফিক মিয়া জানান, আগে জানালে খাসির মাংসের ব্যবস্থা করা যেতো। কিন্তু হঠাৎ করে সামান্য বিষয়টি নিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া হবে তা তিনি ভাবতেও পারেননি।
ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া। তিনি জানান, বর জুনায়েদের আচরণ ও কথাবার্তা শুরু থেকেই অস্বাভাবিক মনে হচ্ছিল, যার মাশুল দিতে হলো কনেপক্ষকে।




























