
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন বাংলাদেশের ১১ দলীয় জোটের প্রতিনিধিরা। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছে রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেওয়ার সময় তারা এ দোয়ায় অংশ নেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ড. মো. কেরামত আলী এমপি, মো. নুরুল আমীন এমপি, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি, ডা. এসএম খালিদুজ্জামান এবং এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারী।
এর আগে শুক্রবার স্থানীয় সময় সকালে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ১১ দলীয় জোটের প্রতিনিধিরা তেহরানে পৌঁছান।
প্রতিনিধিদলের সদস্যদের বরাতে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়েছেন। সেখানে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরাও এ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
আগামী শনিবার তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৯ জুলাই জন্মস্থান মাশহাদে তাঁকে দাফন করা হবে। জানাজায় অংশ নেওয়ার পর বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের হামলায় তিনি নিহত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।




























