
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। নতুন মূল্য সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার দাম কমে যাওয়ায় সর্বশেষ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৩ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৬৮২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।
এর আগে গত ৩ জুলাই ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছিল। তারও আগে আরও ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়। ফলে দুই দফায় মোট ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানোর পর এবার দাম কমানোর সিদ্ধান্ত এলো।
বাজুস আরও জানিয়েছে, সোনার পাশাপাশি রুপার দামও অপরিবর্তিত তালিকা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। ২২, ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার জন্য পৃথক মূল্য বহাল থাকবে।



























