
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ নৈতিক স্খলন ও নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাঁর সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে ওই আসনে নতুন করে উপ-নির্বাচনের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জামায়াতের এই নজিরবিহীন ও কঠোর পদক্ষেপে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীর ডা. শফিকুর রহমান এমপি। দলীয় সূত্রে জানা গেছে, গাজী নজরুল ইসলামের নারী সংক্রান্ত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই দলটি দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় জরুরি বৈঠক ডেকে তাঁকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বহিষ্কার করা হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ‘আমার দেশ’-কে জানান, অনৈতিকতা ও অপরাধের ব্যাপারে দল অত্যন্ত কঠোর। নৈতিক প্রশ্নে কে এমপি থাকল বা না থাকল, তা বিবেচনার বিষয় নয়; অপরাধে জড়িয়ে পড়লে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে অবহিত করার পর কমিশন আইন অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করতে পারে, যার ফলে সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।




























