
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: নিষিদ্ধ আওয়ামী লীগ এখন জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুব জাগপার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ প্রধান বলেন, “ভবিষ্যৎ বাংলাদেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ সৃষ্টি করতে চাইলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের রুখে দেওয়া হবে, ইনশাআল্লাহ। দিল্লিতে বাংলাদেশবিরোধী কনফারেন্স চলছে, আওয়ামী লীগ দেশে ঝটিকা মিছিল করছে, ভিপি নুরের ওপর হামলা হয়েছে। পতিত আওয়ামী লীগ এখন জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে।”
তিনি আরও বলেন, “আন্দোলন-সংগ্রামের সময় ছাত্র-যুবক-শ্রমিকদের সামনে রেখে গুলি খাওয়ানো হয়, আর পুরস্কার নেওয়ার সময় জাতীয় নেতারা এগিয়ে আসে। নির্বাচন সামনে রেখে কিছু নেতা ক্ষমতার রাজনীতিতে নিজেদের বিক্রি করছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম। এ ছাড়া জাগপা ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।





























