
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের দৃঢ় ও অটল অবস্থান আবারও পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থানও তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে হুমায়ুন কবির বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায় এবং একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে বাংলাদেশ সবসময়ই তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত, টেকসই ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থান সবসময় সুস্পষ্ট।
এ সময় রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের অবিচল সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে বলেও বৈঠকে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: বাসস




























