
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দুর্ঘটনার শুরু থেকেই আমরা মরদেহ গুম হওয়ার গুজব শুনছি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত ছিল। কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন এবং দুর্ঘটনার সময় কতজন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন—এসব তথ্য জাতিকে জানানো জরুরি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, জনগণ জানতে চায়, কীভাবে একটি প্রশিক্ষণ বিমান শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে বিধ্বস্ত হলো এবং এত প্রাণহানি ঘটল।
নাহিদ ইসলাম বলেন, মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি জানিয়েছে, এনসিপি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। তিনি অভিযোগ করে বলেন, শিক্ষা উপদেষ্টা দায়িত্বশীল আচরণ করেননি। ফোন ধরছেন না, এমনকি অন্য উপদেষ্টারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এ অবস্থায় ছাত্রসমাজ ক্ষুব্ধ, সরকারের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল।
সচিবালয়ের নিরাপত্তা ও সরকারি দপ্তরগুলোর প্রতিক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকার দায়িত্বশীল আচরণ করলে এতটা সংকট তৈরি হতো না। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।





























