
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের উদীয়মান ফরোয়ার্ড তেতে ইয়েঙ্গি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজের পর তিনি আনুষ্ঠানিকভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হন।
শনিবার (১১ জুলাই) দ্য ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের ইবাদত পদ্ধতি এবং মসজিদের পরিবেশ সম্পর্কে জানার আগ্রহ থেকেই ইয়েঙ্গি ওই মসজিদে যান। সেদিন সেখানে জুমার খুতবা দিচ্ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা মুফতি ইসমাইল মেঙ্ক।
নামাজ শেষে মুফতি মেঙ্কের সঙ্গে আলাপের সময় তিনি ইয়েঙ্গিকে ইসলাম গ্রহণের আহ্বান জানান। পরে উপস্থিত মুসল্লিদের সামনে স্বেচ্ছায় কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার।
পরে নুজুম স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েঙ্গি জানান, ইসলাম গ্রহণের সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া নয়। দীর্ঘদিন ধরে ইসলাম সম্পর্কে অধ্যয়ন, চিন্তাভাবনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নিজের আন্তরিক বিশ্বাস ও মানসিক প্রশান্তির কারণেই ইসলামের পথে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
দক্ষিণ সুদানীয় বংশোদ্ভূত ২৫ বছর বয়সী তেতে ইয়েঙ্গি বর্তমানে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিভিংস্টোনের হয়ে খেলছেন। গতি ও আক্রমণভাগে কার্যকর পারফরম্যান্সের জন্য পরিচিত এই ফরোয়ার্ড ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে অস্ট্রেলিয়া জাতীয় দলে জায়গা পেয়েছেন।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন




























