
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক স্বার্থে দীর্ঘ ১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করতে ইতিহাসকে ব্যক্তিকেন্দ্রিকভাবে উপস্থাপন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা, কবিতা ও ছড়াপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, অতীতে ইতিহাস বিকৃত করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি এটিকে একটি “ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক প্রবণতা” হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বই প্রকাশে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে সরে এসে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং সত্যনির্ভর ইতিহাস উপস্থাপনের জন্য নতুনভাবে বই প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।
নিজেকে তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো ইতিহাসকে বিকৃত নয়, বরং সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরা।





























