
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত জেলা আমির সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের জনগণ ইতোমধ্যে বুঝে গেছে কীভাবে ক্ষমতা হস্তান্তরের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে পরিকল্পনা করে বিদেশ সফরের মাধ্যমে বর্তমান সরকারের সঙ্গে সমঝোতা হয়েছে, যা নিয়ে সংসদেও আলোচনা হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে একসময় এই নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে ইতিহাসে বিশ্লেষণ হবে এবং প্রকৃত চিত্র উঠে আসবে।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির মাধ্যমে জনগণের প্রত্যাশা নষ্ট করা হয়েছে। গণভোটের ফল উপেক্ষা করে জনগণের মতামতকে মূল্য দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন।
তবে বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের সময় নয় বলেও মন্তব্য করেন তিনি। এরপরও সংসদে বিরোধীদলের বক্তব্য গুরুত্ব না পেলে রাজপথে নামার বিকল্প থাকবে না বলে সতর্ক করেন ডা. শফিকুর রহমান।





























