
আওয়ার টাইমস নিউজ
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কওমি মাদ্রাসা সংশ্লিষ্ট কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে চলমান ‘একমুখী অপপ্রচার ও বিভ্রান্তিকর সংবাদ’-এ গভীর উদ্বেগ প্রকাশ করেছে কওমি শিক্ষা বোর্ডগুলোর সর্বোচ্চ সমন্বিত সংস্থা ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’। একই সাথে কোনো প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন অপরাধ যেন পুরো কওমি শিক্ষাব্যবস্থাকে কলঙ্কিত না করে, তা যাচাই ও তদারকি করতে একটি শক্তিশালী কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ এবং সরাসরি অভিযোগ গ্রহণের জন্য ‘হটলাইন’ চালুর যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ঢাকায় আল-হাইআতুল উলয়ার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘কওমি মাদ্রাসা বিরোধী অপপ্রচার রোধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আল-হাইআতুল উলয়ার করণীয়’ শীর্ষক এক বিশেষ নীতি-নির্ধারণী সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের বিশেষ নির্দেশনায় আয়োজিত এই বৈঠকে দেশের ছয়টি কওমি শিক্ষা বোর্ডের শীর্ষ প্রতিনিধিগণ অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান ও বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা শেখ সাজিদুর রহমান।
বৈঠক শেষে সংস্থার অফিস ব্যবস্থাপক মাওলানা মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উপস্থিত শীর্ষ ওলামায়ে কেরাম স্পষ্ট ভাষায় জানান, যেকোনো অপরাধ, অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ড ঘটলে তার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এবং আইনি বিচার হতে হবে। কোনো অপরাধী বা প্রতিষ্ঠানকে হাইআতুল উলয়া কখনো প্রশ্রয় দেবে না।
তবে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যক্তিবিশেষের অপরাধের দায়ভার পুরো কওমি শিক্ষাব্যবস্থা, লাখ লাখ কোমলমতি শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকসমাজের ওপর চাপিয়ে দিয়ে ঢালাও কাদা ছিটানো হচ্ছে। দেশের ধর্মীয় ও নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ রক্ষা এবং জনসেবায় কওমি মাদ্রাসার যে ঐতিহাসিক অবদান রয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে তাকে প্রশ্নবিদ্ধ করার এক অপচেষ্টা চলছে।
এই পরিস্থিতি নিরসনে তথ্য যাচাই-বাছাই, ভুয়া সংবাদ প্রতিরোধ ও সুনির্দিষ্ট অভিযোগ অনুসন্ধানের লক্ষ্যে অবিলম্বে হটলাইন চালু এবং পর্যবেক্ষণ সেল সক্রিয় করার কথা জানান তারা।




























