
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘আইকন পরিবহন’-এর একটি বিলাসবহুল এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাসের জানালার কাচ ভেঙে ভেতরে আটকে পড়া প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে অলৌকিকভাবে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজারের পশ্চিমে এন আলম ফিলিং স্টেশনের সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
বাসের ভুক্তভোগী যাত্রীরা জানান, গাড়িটিতে হঠাৎ ধোঁয়া ও পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে ভেতরে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে চালক কিংবা হেল্পার তাদের বিপদের বিষয়ে কোনো ধরনের সতর্কবার্তা দেয়নি। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় উদ্ধারকারীরা দ্রুত এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের একে একে নিরাপদে বের করে আনেন। এতে বড় ধরনের প্রাণহানি বা হাতাহতের ঘটনা থেকে রক্ষা পান সবাই।
ঘটনার খবর পেয়ে রামু হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের মালামাল উদ্ধারে সহায়তা করে এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের পরপরই বাসের চালক ও হেল্পার স্থান ত্যাগ করে পালিয়ে যান।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আবদুল কাদের চৌধুরী জানান, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি ও অতিরিক্ত উত্তপ্ত (ওভারহিটিং) হয়ে যাওয়ার কারণেই মূলত বাসে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ফলে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশি তৎপরতায় তা দ্রুত স্বাভাবিক হয়।




























