
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গোপালগঞ্জবাসীকে উদ্দেশ করে এক কঠোর বার্তা দিয়েছেন, ,”জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে কেউ ঘর থেকে বের হবেন না।”
বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে বলে আগেই জানানো হয়েছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেসবুকে দেওয়া এক ভেরিফায়েড পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও জানান, “সব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ***ভেঙে দেওয়া হবে।”
তিনি আরও লেখেন, “পুলিশ কন্ট্রোলরুম থেকে পরিস্থিতি মনিটর করা হচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাই প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন।”
এর আগে বিকেল পৌনে ৩টার দিকে এনসিপির একটি রাজনৈতিক সভা শেষে গোপালগঞ্জে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাই এই হামলার সাথে জড়িত।
এদিকে এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা সরাসরি দাবি করেছেন, “আওয়ামী লীগকে ভেঙে দিতে হবে,এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই তারা গোপালগঞ্জে গিয়েছিলেন।” এনসিপির সভাপতিমণ্ডলীর সদস্য সারজিস আগেই ঘোষণা দিয়েছিলেন, “গোপালগঞ্জ থেকে ‘বেঁচে ফিরলে’ মুজিববাদের কবর রচনা করেই ফিরব।”
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলায় এনসিপির কার্যক্রম সম্প্রসারণ, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের প্রভাব ও সরকারি নিয়ন্ত্রণের মধ্যে দ্বন্দ্ব গত কয়েকদিন ধরেই তীব্র আকার ধারণ করছে। এর মধ্যেই গাড়িবহরে হামলা ও কারফিউ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সূত্র: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পোস্ট





























