
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের কৃষিখাতে নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের সূচনা করেন তারেক রহমান।
উদ্বোধনের দিনেই টাঙ্গাইল জেলার ২২ হাজার ৬৫ জন কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রম চালু করার পরপরই সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা প্রণোদনা পৌঁছে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে কয়েকজন কৃষকের হাতে কার্ড ও গাছের চারা তুলে দেওয়া হয়। সরকার জানিয়েছে, প্রাথমিকভাবে ১০টি জেলার কৃষক, মৎস্যজীবী, খামারি ও লবণ চাষিরা এই সুবিধার আওতায় আসবেন।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই কার্ডের মাধ্যমে কৃষকরা একাধিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ক্রয়, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণপ্রাপ্তি, কম খরচে যন্ত্রপাতি ব্যবহার, সরকারি প্রণোদনা গ্রহণ, আবহাওয়া সংক্রান্ত তথ্য, কৃষি প্রশিক্ষণ, রোগবালাই দমন পরামর্শ, বীমা সুবিধা এবং উৎপাদিত পণ্য ন্যায্য দামে বিক্রির সুযোগ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে কৃষকদের আর্থিক সুরক্ষা বাড়বে এবং কৃষি উৎপাদন আরও গতিশীল হবে।





























