
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে বা গণমাধ্যমের সামনে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক চিন্তাভাবনা ও বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলবেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ভারতের নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এফসিসি সাউথ এশিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার চরম গণআন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। ভারতে যাওয়ার পর গত দুই বছরে তিনি কোনো ধরনের আনুষ্ঠানিক গণমাধ্যম বা প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেননি। ফলে ক্ষমতার অবসানের দ্বিতীয় বার্ষিকীতে আয়োজিত এই বক্তব্যটিকে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ্য উপস্থিতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জানা গেছে, উক্ত অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি যুক্ত থাকবেন তাঁর ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে ব্যাপক পরিবর্তন এসেছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের মেয়াদ শেষে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে বিএনপি প্রধান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। বর্তমানে সাবেক শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে আইনি বিচার প্রক্রিয়া চলমান রয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে নিষিদ্ধ অবস্থায় রয়েছে।




























