
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।
শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে গুমের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
অনুষ্ঠানে বিগত সময়ে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও স্বজন হারানোর বেদনাদায়ক স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংলাপে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এখন শুধু কান্নার সময় নয়, অধিকার আদায় ও ন্যায়বিচার নিশ্চিত করার সময়।
এ সময় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



























