
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করায় নৌযান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। কোথাও কোথাও খেয়াঘাটে নৌকা চালাতে বাধ্য হয়ে দড়ি টেনে পারাপারের ব্যবস্থা করছেন মাঝিরা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নদীপথনির্ভর সাধারণ মানুষ।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা ও মহানন্দা নদীতে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। কয়েকদিন ধরে চলা এই পরিস্থিতিতে চরাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে গেছে। নৌকা বন্ধ থাকায় দুই জেলার অন্তত পাঁচটি ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াতে সমস্যায় পড়েছেন।
স্থানীয়রা জানান, একবার নদী পারাপারে ৩ থেকে ৪ লিটার ডিজেল প্রয়োজন হলেও তা সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে। ফলে অধিকাংশ নৌকা বন্ধ রয়েছে। যেসব নৌকা চলছে, সেগুলোতে অতিরিক্ত ভিড় হওয়ায় শিক্ষার্থীসহ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। অনেকেই সময়মতো শিক্ষা প্রতিষ্ঠান বা জরুরি কাজে যেতে পারছেন না।
এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর বেতবাড়ী-পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাটেও একই চিত্র। সেখানে জ্বালানি না পেয়ে মাঝিরা নদীর দুই পারে দড়ি বেঁধে হাতে টেনে নৌকা চালাচ্ছেন। প্রতিদিন যেখানে কয়েক লিটার তেল প্রয়োজন, সেখানে মিলছে মাত্র অল্প পরিমাণ, যা দিয়ে স্বাভাবিকভাবে নৌকা চালানো সম্ভব হচ্ছে না।
এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করে থাকেন। তেল সংকটের কারণে তাদের যাতায়াত এখন কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোথাও কৃত্রিম সংকট তৈরি করা হলে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।





























