
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তরুণদের অংশগ্রহণ ছাড়া দেশের বড় লক্ষ্যগুলো অর্জন করা সম্ভব নয়।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে Junior Chamber International (জেসিআই) বাংলাদেশ।
বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের নেতৃত্ব বিকাশ, উদ্ভাবনী চিন্তা এবং সমাজসেবামূলক কাজে সম্পৃক্ততা বাড়ানো জরুরি।
তিনি জেসিআই বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের সংগঠন তরুণদের দক্ষতা ও নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান, যাতে জাতীয় উন্নয়নে তাদের অবদান আরও জোরালো হয়।
মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষিখাতের উন্নয়ন সেই অগ্রগতির অন্যতম উদাহরণ।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, নতুন চিন্তা, উদ্যম ও সৃজনশীলতা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং দারিদ্র্য বিমোচনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই।





























