
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘ সময় পর দেশের মানুষ নির্বিঘ্ন ও স্বস্তির মধ্যে ঈদ উদ্যাপন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, অতীতের নানা অস্থিরতা কাটিয়ে এখন মানুষ তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছে।
রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মানুষকে স্বস্তিতে রাখা এবং তাদের দৈনন্দিন জীবনের ভোগান্তি কমানো।
তিনি আরও বলেন, সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করে একটি স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার চেষ্টা চলছে। এজন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং স্থানীয় সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, ইতোমধ্যে পরিবারভিত্তিক সহায়তা, স্বাস্থ্যসেবা কার্ড এবং বিনামূল্যে ইন্টারনেট সুবিধার মতো কর্মসূচি চালু হয়েছে। পাশাপাশি নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ধাপে ধাপে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, আগামীতে প্রতিটি উপজেলায় তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ‘আইটি ভিলেজ’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে প্রযুক্তিখাতে বিনিয়োগ বাড়িয়ে তরুণদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি করার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এলাকার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।





























