
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা আবার শুরু হয়েছে। প্রায় তিন সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরেছেন বোর্ডটির প্রায় এক লাখ পরীক্ষার্থী।
প্রকাশিত রুটিন অনুযায়ী, সকালে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে।
একই সময়ে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলছে। আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন বিষয়ের পরীক্ষাও আজ অনুষ্ঠিত হচ্ছে।
বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরীক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে পরিস্থিতির উন্নতি হলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে ২৭ জুলাই থেকে পরীক্ষা পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়।
শিক্ষা বোর্ড জানিয়েছে, বর্তমানে নিয়মিত রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে স্থগিত হওয়ার আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোর নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে।
চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন, যারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।






























