
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে পরিবর্তনের দারুণ সুযোগ তৈরি হলেও তা যথাযথভাবে কাজে লাগানো যায়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব: রাজনীতিতে নারী ও তরুণ’ শীর্ষক এক গোলটেবিল সংলাপে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, জুলাই আন্দোলনে নারী ও তরুণদের ভূমিকা ছিল অপরিসীম। তবে অন্তর্বর্তী সরকার পরবর্তীতে কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও একটি বড় অংশকে বাইরে রেখেছে। তরুণরা যদি ক্ষমতার অংশ না হয়ে একাট্টা হয়ে শক্তিশালী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা ‘প্রেসার গ্রুপ’ হিসেবে কাজ করত, তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেক ভিন্ন হতে পারতো।
প্রবাস খাতের কাজের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, শিক্ষিত তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপ ও জাপানের মতো দেশে নতুন নতুন শ্রমবাজার ও খাত অনুসরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য বা সাইবার নিপীড়ন রোধে আইনি সংস্কারের গুরুত্বারোপ করেন তিনি।
গোলটেবিল সংলাপে সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, প্রকৃত অন্তর্ভুক্তির জন্য কেবল অংশগ্রহণ যথেষ্ট নয়, সিদ্ধান্ত গ্রহণেও নারীদের কার্যকর ক্ষমতা দিতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


























