
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত অর্থ অপচয় রোধে বিয়ের অনুষ্ঠানে অতিথি সংখ্যা নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতি অতিথির জন্য এক হাজার টাকা করে কর (ট্যাক্স) আরোপ করা যেতে পারে।
শুক্রবার (২৭ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
শাহাদাত হোসেন বলেন, দেশে বিশেষ করে বিয়ে ও গায়ে হলুদের মতো অনুষ্ঠানে বিপুল অর্থ অপচয় হচ্ছে। নাচ-গানের মহড়া, বিলাসী আয়োজন এবং অতিরিক্ত খাবার পরিবেশনের কারণে প্রচুর অর্থ ও খাদ্য নষ্ট হচ্ছে, যা বন্ধ করা প্রয়োজন।
তিনি জানান, অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণসংক্রান্ত একটি আইন ছিল। বর্তমান বাস্তবতায় সেই ধরনের ব্যবস্থা পুনরায় চালুর কথা বিবেচনা করা যেতে পারে। তার প্রস্তাব অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা কর নির্ধারণ করা যেতে পারে।
বিএনপির এই সংসদ সদস্যের দাবি, সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় অপচয় কমানো গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে।



























