
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দুই দিনব্যাপী বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে মোট ১ হাজার ৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সর্বোচ্চ ৩৭০ জন বাংলাদেশি নাগরিক।
বুধবার (১২ আগস্ট) প্রকাশিত নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবার (১০ আগস্ট) থেকে শুরু হওয়া এ অভিযানে মালয়েশিয়ার বিভিন্ন আবাসিক এলাকা ও অভিবাসীদের বসবাসের হটস্পটগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি ‘অপ সাসার’ নামে পরিচালিত হয়। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, অভিযানে মোট ৩ হাজার ৩০৭ বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়েছে।
তাদের মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৪৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩৭০ জন বাংলাদেশি, ৩২৮ জন ইন্দোনেশীয় এবং ১৮৩ জন মিয়ানমারের নাগরিক।
জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের অধিকাংশই পুরুষ। তাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে। জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদেশিদের বসবাসের এলাকাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত ভঙ্গ, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং অনুমোদনহীন কার্ড ব্যবহারের মতো অভিযোগ পাওয়া গেছে।
অভিযানের সময় তদন্তে সহায়তার জন্য ৪৫ জন মালয়েশীয় নাগরিককে সাক্ষী হিসেবে সমন দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে কয়েকজন বাড়ির মালিককেও তদন্তের আওতায় আনা হয়েছে।
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক বলেন, বিদেশিদের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের অভিযোগ বাড়ছে। এ কারণে বর্তমানে দেশজুড়ে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয়টির বেশি অভিযান পরিচালনা করছে ইমিগ্রেশন বিভাগ।
তিনি আরও জানান, চলতি বছর এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া জুলাই পর্যন্ত প্রায় ২৮ হাজার বিদেশিকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।
অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ চালু রেখেছে। এই কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা পরিশোধ করলে নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন।
জাকারিয়া শাবান বলেন, অবৈধ অভিবাসী বা পিএটিআই সমস্যার নিয়ন্ত্রণ এবং বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থানকারীদের সংখ্যা কমাতে ইমিগ্রেশন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ফলে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারীদের বিরুদ্ধে দেশটির কর্তৃপক্ষের অভিযান আরও জোরদার হওয়ার ইঙ্গিত মিলছে।
সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস, আরটিভি নিউজ।




























