
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য প্রকাশ করেছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ বা অনুমোদনহীন নৌচলাচল কঠোরভাবে প্রতিহত করা হবে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথ অনুসরণ না করে নিরাপত্তা নির্দেশনা অমান্য করেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী (ট্র্যাকিং) ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার পর জাহাজটিকে থামানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে ভবিষ্যতে নতুন কোনো হামলা বা নিরাপত্তা বিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর বিভিন্ন দেশ ও বৈশ্বিক বাণিজ্য সংশ্লিষ্ট মহল নিবিড় নজর রাখছে।
সূত্র: মিডল ইস্ট আই




























