
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে মৃত্যু বা আহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও নতুন করে তার কার্যক্রমের খবর প্রকাশ হয়েছে। ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনের সময় তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনো শেষ হয়নি।
সোমবার রাতে ওই কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। পরিদর্শন শেষে বক্তব্য দেওয়ার একটি ছবি তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়েছে।
নেতানিয়াহু বলেন, তারা চান ইরানের জনগণ স্বৈরশাসনের শিকল থেকে মুক্ত হোক। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েল ইতোমধ্যে ইরানের ওপর বড় আঘাত হেনেছে এবং সামরিক অভিযান এখনো শেষ হয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ‘অপারেশন রোরিং লায়ন’-এর অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হাইম কাৎজকে সঙ্গে নিয়ে ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নেতানিয়াহুকে ঘিরে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তার সাম্প্রতিক এই উপস্থিতি সেই জল্পনা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।


























