
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর সাম্প্রতিক সাক্ষাৎকারকে ঘিরে সরকারের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে এবং মত প্রকাশের স্বাধীনতা সবার জন্যই সমান।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেকেরই নিজের মত প্রকাশের অধিকার রয়েছে। কেউ বক্তব্য দেবেন, আবার কেউ চাইলে তার জবাবও দেবেন। এটি গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া।
অন্যদিকে রাষ্ট্রপতির সাক্ষাৎকারে বিএনপি ও অন্তর্বর্তী সরকার সংক্রান্ত মন্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। তিনি জানান, সব দিক বিবেচনা করে সরকারের পক্ষ থেকে পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নিজের ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। সেখানে তিনি উল্লেখ করেন, কঠিন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পাশে ছিল। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তকে তিনি অসাংবিধানিক বলে আখ্যা দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, সাক্ষাৎকারে একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠে এসেছে। বিএনপি প্রসঙ্গসহ সহযোগিতা না পাওয়ার বিষয়গুলো সরকার গুরুত্ব দিয়ে দেখছে। তবে পুরো বিষয়টি পর্যালোচনা না করে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হবে না।
তিনি আরও বলেন, সাক্ষাৎকারটি যথাযথভাবে বিশ্লেষণ শেষ হলে সরকার তাদের অবস্থান স্পষ্ট করবে।

























