
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করলে তাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সাফ জানান, এ বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং আওয়ামী লীগকে বাংলাদেশে কোনোভাবেই পুনর্বাসিত হতে দেওয়া হবে না।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম অত্যন্ত কঠোর সুরে বলেন, “শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসেন, তবে এয়ারপোর্ট থেকেই তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশের আপামর জনগণ, ১,৪০০ শহীদ পরিবার, তিন লাখ আহত এবং লাখো-কোটি ছাত্র-জনতা সেদিন ঢাকার রাজপথে নেমে আসবে। তার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত এ দেশের মানুষ রাজপথ ছেড়ে ঘরে ফিরবে না।”
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টার কড়া সমালোচনা করে এনসিপি প্রধান বলেন, “যারা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনরায় রাজনীতিতে ফেরানোর কথা বলছেন, আপনাদের যদি হিম্মত থাকে তবে একবার তা চেষ্টা করে দেখুন। কার কতটুকু সাহস আছে, তা রাজপথে নামলেই প্রমাণ হয়ে যাবে। রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে অপসারিত কোনো ফ্যাসিবাদী শক্তিকে এ দেশের মাটিতে আর জায়গা দেওয়া হবে না।”
রাজধানীর ওই স্মরণ ও আলোচনা অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধাগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


























