
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা ঝুঁকিহীন সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন বলে বিশ্লেষকদের ধারণা।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,৮১৯.৬৬ ডলারে পৌঁছেছে। এর আগে আগের সেশনে এটি এক মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছিল।
একই সময়ে যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারির স্বর্ণ ফিউচারও ০.৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,৮৪১.৭০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা এবং সুদের হার কমার সম্ভাবনা, এই দুই কারণ একসঙ্গে স্বর্ণের দামে প্রভাব ফেলছে। অনিশ্চিত সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ায় বাজারে এ ধরনের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
তারা বলছেন, বিনিয়োগকারীরা এখন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সামান্য ইতিবাচক বা নেতিবাচক ইঙ্গিতের ওপর ভিত্তি করেই স্বর্ণের দামে দ্রুত পরিবর্তন আসছে।
বিশ্ববাজারের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সামনে স্বর্ণের দামে আরও ওঠানামা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: রয়টার্স





























