
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউটের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউট একটি স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতি হলেও এ ঘটনায় কিছু প্রশ্ন উঠে এসেছে।
বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের নেতারা অতীতে আলোচনা করেছেন এবং যার উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছিলেন, সেই রাষ্ট্রপতিকে এখন অস্বীকার করার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। তার মতে, একই ব্যক্তিকে একসময় গ্রহণ করা এবং পরে অস্বীকার করা এক ধরনের স্ববিরোধিতা।
তিনি আরও বলেন, বিরোধী দলের কয়েকজন সদস্য ইতোমধ্যে সংসদের সদস্য হিসেবে শপথও নিয়েছেন। সেই বাস্তবতায় রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে এমন প্রতিবাদ কেন করা হলো, তা সংশ্লিষ্টদেরই ব্যাখ্যা করা উচিত।
তবে তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ বা ওয়াকআউট নতুন কিছু নয় এবং বিরোধী দল চাইলে এ ধরনের পদক্ষেপ নিতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সংসদকে অর্থবহ করে তুলতে সরকার আলোচনা ও সংলাপের মাধ্যমে জাতীয় বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে চায়। তিনি আশা প্রকাশ করেন, ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও বজায় থাকবে এবং জাতীয় স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে।
এর আগে অধিবেশনে স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানালে বিরোধী দলের সদস্যরা প্ল্যাকার্ড ও স্লোগান দিয়ে প্রতিবাদ জানান এবং পরে সংসদ কক্ষ ত্যাগ করেন। বিরোধী দলের অনুপস্থিতিতেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার লিখিত ভাষণ উপস্থাপন করেন।





























