
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে বার কাউন্সিল নির্বাচন স্থগিতের বিষয় নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সংসদ সদস্য আখতার হোসেনের মধ্যে তর্কাতর্কি হয়েছে। প্রশ্নের জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী কটাক্ষ করে এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন নির্বাচন স্থগিতের কারণ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, জ্বালানি সংকটের অজুহাতে হঠাৎ করে নির্বাচন স্থগিত করা হলেও সরকারের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে।
জবাবে আইনমন্ত্রী জানান, বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের অনুরোধ এবং নির্বাচন পরিচালনার বাস্তব সমন্বয়ের প্রয়োজনেই বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এতে কোনো হস্তক্ষেপ করা হয়নি বলেও তিনি দাবি করেন।
এ সময় বক্তব্যের এক পর্যায়ে আইনমন্ত্রী কটাক্ষ করে বলেন, “তুমি সব বোঝো, কিন্তু যতটুকু বোঝো না ততটুকুই আমি।” তার এই মন্তব্যকে ঘিরে সংসদে আলোচনার সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, ঢাকাসহ বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের নির্বাচনী কার্যক্রম চলমান থাকায় সময়সূচি সমন্বয়ের প্রয়োজন ছিল। বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে নেওয়া হয়েছে বলে জানান তিনি।































